সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন হাইস্কুলকে কলেজে উন্নীত করা এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সহায়তার লক্ষ্যে একটি ট্রাস্ট গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মিলনমেলায় এপ্রত্যয় ব্যক্ত করা হয়।
পূর্ব লন্ডনের পামট্রি হলে গত সোমবার আয়োজিত এঅনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ গ্রহণ করেন। তারা শত বছরের গৌরবময় ইতিহাস,ঐতিহ্য ও স্মৃতিচারণার পাশাপাশি বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
শতবর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান মহিব চৌধুরীর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান দারা এবং মিছবাহ জামালের যৌথ পরিচালনায় এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ কুতুব উদ্দিন মাস্টার, মুকুল চন্দ্র রায়, মুহিব চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান দারা, কাউন্সিলর ফয়জুর রহমান ও শিল্পী আলাউর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া প্রয়াত ফজলুল ইসলামের পরিবারের সদস্যদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নুরুল হক দুলু, শাহাব আলী, জুনু মিয়া, আকবর হুসাইন, আবদুল হান্নান, আমির হুসাইন কাথল, দিলওয়ার হুসাইন, ফারুক আহমেদ , মান্না রায়, শিশু মিয়া এবং অতিথিদের সাবেক স্পিকার কাউন্সিলর রহিমা রহমান,বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি তোফাজ্জল মিয়া, কাউন্সিলর শাহ সানাওয়ার হুসাইন ও সাবেক স্পিকার আহবাব হুসাইন উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শত বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশেষভাবে প্রবীণ শিক্ষক মোহাম্মদ কুতুব উদ্দিন মাস্টারের অবদান তুলে ধরা হয়। শিক্ষার্থীদের শিক্ষা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
