মেটলাইফের বিমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত
-->নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বিমা সুবিধা নিশ্চিত করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে উল্কাসেমি প্রাইভেট লিমিটেড।
এ চুক্তির আওতায় কর্মী ও তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা এবং জীবনহানির ঝুঁকিতে আর্থিক সুরক্ষার পাশাপাশি হাসপাতালে ভর্তি, বহির্বিভাগের চিকিৎসা এবং মাতৃত্বকালীন বিমা সুবিধা পাবেন।
এ অংশীদারত্বের ফলে উল্কাসেমির কর্মী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি এবং জীবনের অনিশ্চয়তা থেকে সৃষ্ট আর্থিক ঝুঁকি মোকাবিলায় বিমা সুরক্ষা পাবেন। কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ চুক্তি করেছে উল্কাসেমি।
দাবি নিষ্পত্তিতে সাফল্য, গ্রাহককেন্দ্রিক বিমা সমাধান, ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি আর্থিক সক্ষমতা বিবেচনায় মেটলাইফকে বিমা প্রদানকারী হিসেবে নির্বাচন করেছে উল্কাসেমি। এসব সেবা বিমা দাবি নিষ্পত্তি দ্রুত ও সহজ করতে সহায়তা করে।
মেটলাইফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে পরিশোধ করেছে আরও ১ হাজার ৩৮৪ কোটি টাকা। প্রতিষ্ঠানটির দাবি, উভয় সময়েই দেশের জীবন বিমা খাতে তাদের দাবি পরিশোধের পরিমাণ ছিল সর্বোচ্চ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্কাসেমি অন্যতম শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি ও সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাক্টর পণ্য তৈরিতে কাজ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কার্যক্রমের আওতায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো, মোবাইল ডিভাইস, উচ্চক্ষমতাসম্পন্ন সিপিইউ ও জিপিইউ, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডেটা সেন্টার, সার্ভার, গাড়ির প্রযুক্তি, নেটওয়ার্ক ও যোগাযোগব্যবস্থা, ক্লাউড অবকাঠামো এবং চিকিৎসাসেবা সরঞ্জাম।
প্রকৌশলগত দক্ষতা, গুণগত মান ও পেশাদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক গ্রাহকদের সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
মেটলাইফ বাংলাদেশ জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহককে বিমা সেবা দিচ্ছে। পাশাপাশি ৯০০টির বেশি প্রতিষ্ঠানের তিন লাখেরও বেশি কর্মী ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা মেটলাইফের বিমা সুরক্ষার আওতায় রয়েছেন।
উল্কাসেমির সঙ্গে নতুন এ অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের আর্থিক নিরাপত্তা ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান। কর্মীদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক উন্নয়নেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তি/সালমান/
আরও পড়ুন
সদস্য নিচ্ছে এমসিজে ক্লাব
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
এমসিজে ক্লাব
-->এমসিজে ক্লাব লিমিটেডের সদস্য প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীরা ব্যাংকে ক্লাবের নির্ধারিত অ্যাকাউন্টে ফি জমা দিয়ে ক্লাবের ওয়েবসাইটে (mcjclub.com) এ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
ক্লাব ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, বুধবার দুপুর ১২টা থেকে এই প্রক্রিয়াটি উন্মুক্ত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ক্লাবের ওয়েবসাইট এবং ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজেও দেওয়া হয়েছে।
দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এই ক্লাবের সদস্য হতে পারবেন। নূন্যতম বয়স হতে হবে ২৭ বছর।
ক্লাবটির সাধারণ সদস্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। সেই সঙ্গে আগ্রহী ব্যক্তিকে সরকার নির্ধারিত শুল্ক বা অন্যান্য পাওনাও পরিশোধ করতে হবে। ফলে মোট ৫৫ হাজার টাকা সদস্য হওয়ার জন্য জমা দিতে হবে।
এছাড়া ক্লাবের নির্ধারিত সদস্য নম্বরের মধ্য থেকে বিশেষে কিছু নম্বর সংরক্ষণ করেছে যেগুলোর জন্যে কিছুটা বাড়তি মূল্য পরিশোধ করতে হবে। ক্লাবের ফেসবুক পাতায় ও ওয়েবসাইটে সদস্য পলিসিতে এ সংক্রান্ত তথ্য দেওয়া আছে।
ক্লাবের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, সদস্য হওয়া প্রথম ২০০ জনকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তাদের নাম ক্লাব প্রাঙ্গণে বিশেষভাবে সংরক্ষণ করা হবে।
ক্লাবটি সম্পর্কে এর সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন বলেন, অনেক দিন থেকেই আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিষয়ের সাবেক শিক্ষার্থী একটি সামাজিক ক্লাব গঠনের প্রয়োজন অনুভব করে আসছিলাম। কয়েক দফা বৈঠক ও নানান পর্যালোচনার পর উদ্যোগটি নেওয়া হয়।
ক্লাব প্রেসিডেন্ট হাসনাইন খুরশেদ জানিয়েছেন, সদস্যপদের আবেদনগুলো দ্রুত যাচাই বাছাই করে আবেদনকারীকের সদস্য নম্বর জানিয়ে দেওয়া হবে।
তিনি জানান, সম্প্রতি ক্লাবটি অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-এর (আরজেএসসি) নিবন্ধন সম্পন্ন করেছে এবং এর মাধ্যমেই একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের ঐতিহাসিক যাত্রা শুরু হয়।
আগামী দিনে ক্লাবটি তার সদস্য ও কর্পোরেট ইন্ডাস্ট্রির মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিসহ সদস্য ও সদস্য তার পরিবারের চিত্তবিনোদনের জন্যে নানান কর্যক্রম নেবে বলে জানিয়েছেন ক্লাব পরিচালকরা।
আরও জানতে: ০১৯২৬০২০২০২ অথবা sajalzahid200122@gmail.com
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
-->গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। গ্রাহকবান্ধব ইন্টারফেস এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন এই অ্যাপ মানুষের দৈনন্দিন আর্থিক চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
দৃষ্টিনন্দন এই নতুন অ্যাপটি দেশের আর্থিক খাতের অন্যতম নিরাপদ অ্যাপ হিসেবে তৈরি করা হয়েছে, যা ধাপে ধাপে আরও উন্নত ও গ্রাহকবান্ধব করার প্রক্রিয়া চলমান থাকবে। সেই প্রক্রিয়ায় ভবিষ্যতে এতে আরও অনেক নতুন ফিচার যুক্ত হবে।
নতুন নগদ অ্যাপটি এখন গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত রয়েছে। নতুন লেনদেন করার আগে গ্রাহকদের অ্যাপটি আপডেট করে নিতে হবে যা তাদের নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেনের নিশ্চয়তা দেবে।
অ্যাপের মাধ্যমে নগদের লেনদেন অভিজ্ঞতা আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে। এই নতুন অ্যাপটির রেসপন্স, লোড ও ল্যাগ টাইম অন্যান্য আর্থিক সেবার অ্যাপের তুলনায় বেশ কম। ব্যবহারকারীদের সুবিধার্থে বহুল ব্যবহৃত ফিচারগুলো গ্রাহক সুবিধার ভিত্তিতে সুবিন্যস্ত করা হয়েছে। ব্যবহার সহজ ও কোনো রকম জটিলতা মুক্ত ডিজাইনের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও সহজে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটিতে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট কিংবা ইউটিলিটি বিল পরিশোধ এবং ইন্টার অপারেবিলিটি সেবার মাধ্যমে গ্রাহকের লেনদেনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এটি দেশের ক্যাশলেস যাত্রাকে আরো বেগবান করতে সহায়তা করবে। স্বল্প সময়ের মধ্যে আরো আর্থিক সেবা যেমন গ্রাহকদের লোন দেওয়া, ফিক্সড ডিপোজিট ও ইন্স্যুরেন্সের মতো সেবা যুক্ত হবে।
লেনদেনজনিত প্রতারণার ঝুঁকি কমাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ডিভাইস বাইন্ডিং সুবিধা চালু করা হয়েছে যা গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা দেবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত রয়েছে বহুস্তরীয় আন্তর্জাতিক মানের নিরাপত্তা কাঠামো। উন্নত প্রযুক্তিভিত্তিক জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রতিটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে গ্রাহকরা সম্পূর্ণ নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। প্রতারণা ও এআই-ভিত্তিক হ্যাকিং রোধে অ্যাপটির নিরাপত্তায় যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স; যা রিয়েল-টাইমে সন্দেহজনক নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করবে এবং প্রতিরোধ করবে।
এসব বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে। নতুন অ্যাপে আমরা আধুনিক ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতার পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা কাঠামো যুক্ত করেছি। ফলে গ্রাহকরা আরও সহজে, দ্রুত এবং একই সঙ্গে নিজের তথ্য ও অর্থকে সুরক্ষিত রেখে তাদের দৈনন্দিন সব ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।’
তিনি আরও বলেন, নগদের মূল লক্ষ্য হলো এমন একটি ইকোসিস্টেম তৈরি করা, যাতে গ্রাহকরা এই একটি অ্যাপ থেকেই দৈনন্দিন সব আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন। গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদার কথা বিবেচনায় রেখে এই অ্যাপে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত হতে থাকবে বলেও জানান তিনি।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত
-->বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভিভো ওয়াই৩২। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত সুরক্ষা এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের দৈনন্দিন কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করবে।
ক্লায়েন্ট মিটিং, ডেলিভারি ট্র্যাকিং থেকে শুরু করে ব্যবসায়িক যোগাযোগ সব চ্যালেঞ্জের সঙ্গে তাল মেলাতে প্রয়োজন একটি নির্ভরযোগ্য স্মার্টফোন। আর সারাদিনের সব প্রয়োজনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অথবা পেশাজীবীদের পাশে থাকতেই ভিভো নিয়ে এসেছে নতুন ওয়াই৩২।
বিশেষ করে, যারা বাইরে কাজ করেন, তাদের সুবিধার কথা বিবেচনা করে ভিভো ওয়াই৩২-তে রাখা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট পাওয়ার ব্যাটারি প্রযুক্তি। এর মাধ্যমে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ৩৬ ঘণ্টা নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ পাওয়া যায়। এ ছাড়া ১৪ ঘণ্টা নেভিগেশন ব্যবহার এবং ২০ ঘণ্টা ধরে শর্ট ভিডিও দেখা যায়।
এই ফোনে একটানা ১৪ ঘণ্টা ম্যাপ বা নেভিগেশন ব্যবহার, ২০ ঘণ্টা শর্ট ভিডিও দেখা এবং ৩৬ ঘণ্টা ফোনে কথা বলা সম্ভব। ব্যাটারির এই দীর্ঘস্থায়িত্ব ব্যস্ত কর্মদিবসে ব্যবহারকারীদের সংযুক্ত থাকতে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সহজে পরিচালনা করতে সাহায্য করে। পাশাপাশি, যাতায়াতের সময় কিংবা কাজের বিরতিতে ভিডিও ও অন্যান্য কনটেন্ট উপভোগ করার সুবিধাও দেয় এই ডিভাইস।
দৈনন্দিন ব্যবহারের কঠিন পরিস্থিতি মোকাবিলায় ভিভো ওয়াই৩২-তে ব্যবহার করা হয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার এবং পানি ও ধুলাবালি প্রতিরোধে আইপি৬৯ রেটিং। এগুলো দুর্ঘটনাবশত ফোন হাত থেকে পড়ে যাওয়া, ধুলাবালি ও পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। ফলে প্রতিকূল আবহাওয়া বা বাইরের কর্মপরিবেশে ব্যবহারকারীরা এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইন ও ডায়নামিক নোটিফিকেশন লাইট ভিভো ওয়াই৩২-এর ডিজাইনে যোগ করেছে ভিন্নতা। ফোনটি পাওয়া যাচ্ছে টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ এই দুই রঙে।
বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধা দিতে ভিভো ওয়াই৩২-তে রয়েছে ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এটি ব্যবহারকারীদের কাজের ব্যস্ততা ও যোগাযোগের মাঝে বাধা কমাতে সহায়তা করে। শুধু তা-ই নয়, দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের কথা বিবেচনা করে ফোনটিতে যুক্ত করা হয়েছে ছয় বছরের ব্যাটারি হেলথ প্রযুক্তি, যা দীর্ঘ সময় ধরে ব্যাটারির কার্যক্ষমতা অটুট রাখতে সহায়তা করবে।
এই আকর্ষণীয় ফিচারগুলোর পাশাপাশি সীমিত সময়ের জন্য গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ভিভো। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট এবং নয় মাস পর্যন্ত হায়ার পারচেজ কিস্তি সুবিধায় ক্রেতারা ভিভো ওয়াই৩২ কিনতে পারবেন।
এ ছাড়া লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের জন্য রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি জেতার সুযোগ থাকছে। আর যোগ্য গ্রাহকদের জন্য নিশ্চিত উপহার হিসেবে থাকছে সিলভার মেম্বারশিপ।
বিজ্ঞপ্তি/রিফাত/
আরও পড়ুন
ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে এমইএসের প্রতিনিধিদল
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ এএম
ছবি: সংগৃহীত
-->গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রধান কার্যালয় ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার (১২ অক্টোবর) ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এই পরিদর্শনে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য, প্রযুক্তি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।
এমইএসের প্রধান প্রকৌশলী মেজর জেনারেল হাসান উজ জামান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় এমইএসের ওয়ার্কস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের সদস্যরা লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, রেফ্রিজারেটর, সৌর প্যানেল, ব্যাটারি, ক্যাবল ও কম্প্রেসরসহ বিভিন্ন বৈদ্যুতিক, ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ওয়ালটনের উৎপাদন পরিধি, পণ্যের বৈচিত্র্য ও প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করেন মেজর জেনারেল হাসান উজ জামান। বিশেষ করে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি এসব সক্ষমতা আরও সম্প্রসারণের প্রত্যাশা জানান।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাভিত্তিক দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাকে তারা গুরুত্ব দেন। এমইএসের প্রতিনিধিদলের সফর এবং তাদের মতামত ও পরামর্শ দেশীয় প্রযুক্তিপণ্যের উৎপাদন ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সফরে ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি/
