ময়মনসিংহের ভালুকায় সামিউল ইসলাম নামে এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় ওই শিক্ষকের ৭২ বছর বয়সী বাবা আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পেয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
সামিউল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন। আনুমানিক রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা তার বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তবে ডাকাতের সংখ্যা কত ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি জানান, ডাকাতরা বাড়ির তালা ভেঙে বিভিন্ন মালামাল নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত ও অসুস্থ অবস্থায় ছিলেন। তার বাবা মাথায় আঘাত পাওয়ার পর রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না বলে জানান সামিউল।
সামিউল ইসলামের ভাষ্য অনুযায়ী, ডাকাতিতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, বিষয়টি শুনেছি, খোঁজখবর নিচ্ছি।
সাখাওয়াত সুমন/এইচএস
