নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে পরিবারের সদস্যদের নিয়ে যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মণ্ডপটি ঘুরে দেখেন। এ সময় মণ্ডপের আয়োজক, স্থানীয় ব্যক্তিবর্গ ও ভক্তরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি পূজামণ্ডপের মালিক ও পানামা গ্রুপের চেয়ারম্যান অমল পোদ্দার (সিআইপি), মণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার এবং পানামা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও এইচআর) আতিকুল ইসলামসহ অন্যরা।
মণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতের উপ-হাইকমিশনার মণ্ডপ পরিদর্শনে এসেছেন। তবে তাঁর এ সফর ব্যক্তিগত, নাকি সরকারি—সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, উপ-হাইকমিশনারের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মণ্ডপের আশপাশে অবস্থান নেন। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগে মণ্ডপটি পরিদর্শন করেছেন। এটি কোনো সরকারি কর্মসূচি ছিল না।
এই বাংলা/এমএস
