ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে পাচজনকে আটক করেছে এসআরবি-৮। গত ২০ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ এক লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৮ এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর রাত ১০টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেনের পথরোধ করে দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের নগদ সাত লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী সুমন হোসেন রাজাপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আটকে সহায়তা চেয়ে এসআরবি-৮-এর অধিনায়কের কাছে একটি অধিযাচনপত্র দেন।
এরপর এসআরবি-৮ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে। তারা হলেন মো. আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ এক লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই বাংলা/এমএস
