পাঁচ দশক ধরে অভিনয়জগতে বিচরণ করছেন অভিনেতা আজিজুল হাকিম। মঞ্চ দিয়ে শুরু হওয়া তার দীর্ঘ পথচলায় নাটক, সিনেমা ও ওটিটিতে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এবার পঞ্চাশ বছরের অভিনয়জীবনের অভিজ্ঞতা বইয়ের পাতায় তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেতা। বইটি প্রকাশের বিষয়ে একটি প্রকাশনা সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে মঞ্চে আজিজুল হাকিমের পথচলা শুরু। থিয়েটারকে নিজের আঁতুড়ঘর মনে করেন তিনি। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘মামুনুর রশীদের হাত ধরে আমার নাট্যজীবনের পথচলা শুরু। মঞ্চ আমাকে অভিনয়শিল্পী হিসেবে তৈরি করেছে। একজন শিল্পীর দীর্ঘ অভিনয়জীবন নিয়ে গবেষণা করে বই প্রকাশের উদ্যোগ নেওয়াটা সত্যিই সম্মানের।’
পাঁচ দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন আজিজুল হাকিম। তাঁর ভাষায়, ‘৫০ বছর অনেক দীর্ঘ সময়। এই পথচলায় অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। মঞ্চে অভিনয়, নির্দেশনা, বিজ্ঞাপন, নাটক, সিনেমাসহ সব ক্ষেত্রই উঠে আসবে এই বইয়ে। এর মাধ্যমে আমার অভিজ্ঞতাগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে। যেহেতু বই বারবার প্রকাশ করা যায় না, তাই একটু সময় নিয়ে ভালোভাবে কাজটি করতে চাই।’
১৯৭৭ সালে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন আজিজুল হাকিম। মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের মাধ্যমে তাঁর এই পথচলা শুরু হয়। ১৯৮১ সালে যুক্ত হন টেলিভিশন নাটকে। ‘এখানে নোঙর’ নাটকের মাধ্যমে দৃশ্যজগতে অভিষেক ঘটে তাঁর।
পরে ‘তবুও তো সে’ নাটকে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আজিজুল হাকিম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সাফল্যের মধ্য দিয়ে অর্জন করেন জনপ্রিয়তা। এবার দীর্ঘ অভিনয়জীবনের সেই অভিজ্ঞতাই বইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান এই অভিনেতা।
এমএমটি
-20261016074822.jpg&w=1440&q=75)