পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মোহাম্মদ উদ্দিন সরদারের (২৭) বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে আত্মগোপনে গেলেও অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সূর্যবানুর (৫৫) স্বামী লোকমান সরদার।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় সূর্যবানু বাড়িতে রান্না করছিলেন। এ সময় নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলে উদ্দিন তাঁর মাকে কাঁচি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে ফরিদপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে সকাল ১১টার দিকে লক্ষ্মীকোল গ্রামের আব্দুল হাকিমের বসতঘরের ভেতর থেকে লোহার দরজা কেটে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
