ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের পাশে একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার ভোরে ভিক্ষা করতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনলাখপীর এলাকায় পৌঁছালে রিয়াজ খন্দকার নামে এক ব্যক্তি তাঁকে জোরপূর্বক পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং যৌন নির্যাতন করেন।
মমতাজ বেগম আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের কাজল খন্দকারের বাড়িতে প্রায় ২০ বছর ধরে আশ্রিত অবস্থায় বসবাস করছেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে কাজল খন্দকার ও তাঁর স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রিয়াজ খন্দকার। তাঁর দাবি, জমিজমা নিয়ে চাচাতো ভাই কাজল খন্দকারসহ অন্য শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ রয়েছেন বলেও জানান রিয়াজ।
ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
The post আখাউড়ায় বৃদ্ধাকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
