পাকিস্তানের ইংল্যান্ড সফরে কারাবন্দি সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রীর দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সাক্ষাৎকার নিয়েছিল স্কাই স্পোর্টস ব্রডকাস্ট। ঘটনাটি বেশ শোরগোল তুলেছিল। দলকে মাঠে না নামানোর হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সাক্ষাৎকারে সম্পৃক্ততা ছিল সাবেক দুই ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল আথারটনের।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজিত চলমান ত্রিদেশীয় সিরিজের জন্য নির্বাচিত ছয় সদস্যের ধারাভাষ্যকার দলে নেই নাসের ও আথারটন। ধারণা করা হচ্ছে, ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নেওয়া ও প্রচার করায় তারা যুক্ত থাকার কারণে এই সিরিজ থেকে বাদ পড়েছেন দুই ইংল্যান্ড গ্রেট। অথচ ২০২৪ সালে ইংল্যান্ডের আগের পাকিস্তান সফরে ধারাভাষ্যকার দলে ছিলেন আথারটন ও নাসের।
লর্ডস টেস্ট চলাকালে সেই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর পিসিবি প্রতিবাদ জানিয়ে বিকেলের সেশনে দল মাঠে না নামানোর হুমকি দিয়েছিল। কাসিম ও সুলাইমান সাক্ষাৎকারটিতে অভিযোগ করেন, কর্তৃপক্ষ অবহেলা ও একাকিত্বের মাধ্যমে তাদের বাবাকে প্রকাশ্যে হত্যা করার চেষ্টা করছে।
ইমরানের দুই সন্তান আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ২৩ ঘণ্টারও বেশি সময় ধরে একটি ছোট কামরায় একাকি কাটান। ‘কারিগরী কারণ’ দেখিয়ে তাদের ভিসাও দিচ্ছে না পাকিস্তান কর্তৃপক্ষ।
পিসিবি সাক্ষাৎকারটির রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে খেলোয়াড়দের বয়কটের হুমকি দেয় এবং স্কাই স্পোর্টসের কাছে একটি অভিযোগ দায়ে করে। পাকিস্তানের রাষ্ট্রীয় ব্রডকাস্টার পিটিভি সাক্ষাৎকারটি প্রচার করেনি।
এফএইচএম
