বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ম বার্ষিক ডে-ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটসের শরণখোলা উপজেলা সভাপতি মো. রেজোয়ান ইফতেকার।
স্কাউটার শিক্ষক আল মামুনের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ উসমান গণির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার মো. সোহরাব হোসেন (এএলটি), বাংলাদেশ স্কাউটস শরণখোলা উপজেলার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, উপজেলা স্কাউট লিডার কে এম বজলুর রহমান, উপজেলা কাব লিডার মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. রেজোয়ান ইফতেকার বলেন, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম বাগেরহাট জেলার অন্যতম শ্রেষ্ঠ পর্যায়ে রয়েছে। এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও ভালো করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডে-ক্যাম্পে প্রতিষ্ঠানের চারটি স্কাউট ইউনিট—কাব দল ‘অদম্য’, বালিকা কাব দল ‘অগ্রগতি’, গার্ল-ইন-স্কাউট দল ‘মুক্ত বিহঙ্গ’ এবং স্কাউট দল ‘দুর্বার’-এর শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থীরা দলগত কার্যক্রম, শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার চর্চা করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দলের তৈরি তাবু ও ক্যাম্প পরিদর্শন করেন। তিনি দলনেতাদের কাছ থেকে ক্যাম্প তৈরির পদ্ধতি সম্পর্কে ধারণা নেন এবং ভবিষ্যতে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে ক্যাম্প সাজানোর পরামর্শ দেন।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিকেল ৫টায় স্কাউট ওন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অধ্যক্ষ উসমান গণি, বাংলাদেশ স্কাউটস শরণখোলা উপজেলার যুগ্ম সম্পাদক শাহ জামাল জুয়েল, উপজেলা কাব লিডার মিজানুর রহমান এবং উপজেলা স্কাউট লিডার কে এম বজলুর রহমান। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানটির কাবিং কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন শিক্ষক ও স্কাউটার আল মামুন, হেলেন জাহান, মৌসুমী আক্তার, জসীম উদ্দীন ও সুমন আকন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ উসমান গণি বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই কাবিং কার্যক্রমের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য করে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, কাবিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা গড়ে উঠছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাপলা কাব অ্যাওয়ার্ড ও পিএস অ্যাওয়ার্ড অর্জন করেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ডে-ক্যাম্প শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
The post শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে ৭ম ডে-ক্যাম্প অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
