কালবেলা · অর্থনীতি
ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ
১১/১০/২০২৬

ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি উড়োজাহাজে যাত্রাপথে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) উড়োজাহাজটির ওপরের লাগেজ রাখার স্থানে আগুন দেখা দিলে নিরাপত্তার স্বার্থে সেটিকে হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়।
এনডিটিভির তথ্য অনুযায়ী, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য হতাহত হননি।
ইন্ডিগোর ফ্লাইট ৬ই৬১১৫ এয়ারবাস এ৩২১-২৫১এন মডেলের উড়োজাহাজটি দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ১০ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও এটি ছাড়ে দুপুর ১টা ৩০ মিনিটে। চেন্নাইয়ে বিকেল ৪টায় পৌঁছানোর কথা ছিল উড়োজাহাজটির।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংক থেকে ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়। যাত্রীদের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন যাত্রীকে ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
তবে উড়োজাহাজের কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি বিবেচনায় পাইলটরা নির্ধারিত গন্তব্যের পরিবর্তে হায়দরাবাদে অবতরণের সিদ্ধান্ত নেন।
ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়েছে, ১১ অক্টোবর দিল্লি-চেন্নাই রুটে চলাচলকারী ফ্লাইটটিতে এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া শনাক্ত করা হয়। কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে পাইলটরা উড়োজাহাজটি হায়দরাবাদে অবতরণ করান।
যাত্রীদের চেন্নাই যাত্রা অব্যাহত রাখতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের অসুবিধা কমাতে খাবার ও পানীয় সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
সূত্র: এনডিটিভি
মূল প্রতিবেদনে যান ↗