কালবেলা · স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
১৭/১০/২০২৬

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে।
এ ছাড়া একই সময়ে নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এ হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗