গ্রেনাডার বিরুদ্ধে ভারতীয় দলছবি: AIFF
Published on
:
2 min read
ছোটদের বিশ্বকাপে অপ্রতিরোধ্য মেজাজে খেলছে ভারত। লাওস ও ক্যামেরুনের বিরুদ্ধে জেতার পর তৃতীয় ম্যাচে গ্রেনাডার বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল বিনিয়ানো ফার্নান্ডেসের ছেলেরা। যার ফলে, চলতি অনূর্ধ্ব বিশ্বকাপে অপরাজিত রইল ভারত। তবে এই ম্যাচে ৩-০ গোলে এগিয়ে থাকলেও ৩-৩ গোলে ম্যাচ শেষ করাটা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।
গ্রেনাডার বিরুদ্ধে ম্যাচটা ছিল অন্যতম হাড্ডাহাড্ডি। দিনে প্রথম ম্যাচটা ক্যামেরুনের বিরুদ্ধে ২-১ গোলে জেতার পর এই ম্যাচেও জেতার মতো খেলেছিল। কিন্তু তা হাতছাড়া হয়। তাই ড্র করে মাঠ ছাড়লেও ২ পয়েন্ট হারানোর আক্ষেপই বেশি ভারতীয় শিবিরের। ম্যাচ শেষ হওয়ার মাত্র ১১ মিনিট আগেও যে দল ৩-০ ব্যবধানে এগিয়ে রাজত্ব করছিল, মাত্র ৬ মিনিটের রক্ষণের ভুলে সেই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের।
প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু
ক্যামেরুনকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই বিকেলে মেঘলা আকাশের নিচে গ্রেনাডার বিরুদ্ধে শুরু থেকেই ঝড় তোলে ভারতীয় কিশোররা। বাঁশি বাজার সঙ্গে ক্যারিবিয়ানদের নিজেদের অর্ধে রুখে দেয় ভারত। ফল মেলে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই। ডানদিক থেকে নিবাস মেইতেই ওয়াহেংবামের এক চোখধাঁধানো ইনসাইড থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গ্রেনাডা কিপার খারিন স্টিলকে পরাস্ত করে বল জালে ঠেলে দেন ম্যাকডনিশ এনগাইরাংবাম (১-০)। এরপর প্রথমার্ধে আর লালরেমরুয়াতফেলার দূরপাল্লার শট এবং ম্যাকডনিশের একটি নিশ্চিত হাফ-ভলি গোললাইন থেকে প্রতিহত না হলে ব্যবধান আরও বাড়ত। ১৭ মিনিটে একাই ডিফেন্ডারদের কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে লালরেমরুয়াতফেলার শটটি পোস্টে লেগে ফিরে আসে।
প্রথমার্ধ ১-০ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই (২২ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করে ভারত। মাঝমাঠ থেকে সৌমজিৎ সরকারের বাড়ানো নিখুঁত লং বল গ্রেনাডা ডিফেন্ডার ওমারি ম্যাকসুইন ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে বক্সের মাথায় তা নিয়ন্ত্রণে নেন ভারত অধিনায়ক সি লালহমিংগ্রোপুইয়া। নিখুঁতভাবে বুক দিয়ে বল ড্রপ করিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন তিনি (২-০)। ২৯ মিনিটে একক নৈপুণ্যের চোখধাঁধানো গোল উপহার দেন রোনানদেব আহেইবাম। বাঁ-প্রান্ত দিয়ে দৌড় শুরু করে চোখের পলকে দুই গ্রেনাডা ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি (৩-০)।
জয়ের দোরগোড়ায় থেকে খেই হারানো
ম্যাচে যখন ভারতের জয় সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল ঠিক তখনই নাটক। হঠাৎই রক্ষণে তালমিল হারায় ভারতীয় দল। ৩২ মিনিটে বক্সে জটলার সুযোগ নিয়ে ব্যবধান ৩-১ করেন গ্রেনাডার জয়ওয়ার্নি নোয়েল। ঠিক তার পরের মিনিটেই (৩৩ মিনিট) কাই উইলসনের নেওয়া একটি দূরপাল্লার জোরালো শট ভারতের গোলরক্ষককে পরাস্ত করে ৩-২ করে দেয়। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ভারতীয় ডিফেন্স দিশেহারা হয়ে পড়ে। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ৩৭ মিনিটে পাওয়া একটি ফ্রি-কিক থেকে দ্বিতীয় প্রচেষ্টায় ট্যাপ-ইন করে নিজের জোড়া গোল এবং গ্রেনাডার পক্ষে ৩-৩ সমতা ফেরান সেই নোয়েল।
শেষ তিন মিনিটে ভারত জয়সূচক গোলের জন্য ঝাঁপিয়ে পড়লেও আর গোলের মুখ খুলতে পারেনি। এই হতাশার ড্র সত্ত্বেও দিনের শেষে স্বস্তি জোগাচ্ছে গ্রুপের পয়েন্ট টেবল। একই দিনে অন্য দুই ম্যাচে ক্যামেরুন ৬-১ গোলে লাওসকে এবং সেনেগাল ৬-১ গোলে বাহরিনকে উড়িয়ে দিলেও ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘K’-র শীর্ষে নিজেদের ধরে রাখল ভারত। যেখানে ক্যামেরুন ও সেনেগালের পয়েন্ট যথাক্রমে ৬। সোমবার বাহরিন ও সেনেগালের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ জিতেই পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করতে মুখিয়ে রয়েছেন বিবিয়ানোর ছেলেরা।
