ফেনীর সোনাগাজীতে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ছাত্রদল সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- সোনাগাজীর বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান (২৭), বখতারমুন্সি মাদরাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন (২২), বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৯) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকার আবদুল মোমিন ভূঁইয়ার ছেলে মোকাদ্দেস ভূইয়া তারেক (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে মামলা করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ ফরিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক একজন প্রবাসী।
এদিকে স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কেউ কেউ মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারের সঙ্গেও জড়িত।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নূর বলেন, আটক দুই ছাত্রদল সভাপতি অপরাধী কি-না আমার জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। উপজেলা কমিটি না থাকায় অনেক কিছুই এখন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে তদন্ত করা হবে। যথাযথ প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম বলেন, আটক চারজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা হয়েছে। তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করানো হলে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
