নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফকির আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ডিটেকটিভ আর্টিকেল নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তাঁর গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলিফ উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলিফকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বলেন, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
