ভোলার লালমোহনে শিমগাছ রোপণকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ফিরোজকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফিরোজ কালমা ইউনিয়ন (উত্তর) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাশেম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়িতে একই বাড়ির কাজলের ঘরের পাশে নিজের জমিতে শিমগাছ রোপণ করেন ফিরোজ। পরে সেখানে বাঁশের বেড়া দেন তিনি।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কাজলের স্ত্রী জান্নাত ওই বেড়া কেটে ফেলেন। নামাজ পড়ে এসে বিষয়টি দেখতে পেয়ে ফিরোজের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত কাজলকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
