কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী হত্যা মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের মোজাম্মেল হোসেন (৭৩), আয়েন উদ্দিন (৬৮), আক্তার হোসেন (৪৩), সাবু (৪১), আবু (৩৭), সেলিম (৪১), সোহাগ (৩৮), শরিফুল ইসলাম (৪৩), বিপুল (৩৪), বদর উদ্দিন (৬৮), আফসার শেখ (৬৫) ও সুমিন (৩৮)।
এ ছাড়া একই মামলায় জুলু (৩৮) ও রাহুলকে (৩৪) দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য ও জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে সাহেব আলীকে হত্যা করা হয়।
সাহেব আলী কুমারখালী উপজেলার চর-চাপড়া গ্রামের মৃত ইমান আলী ওরফে হেলা শেখের ছেলে। ওই রাতে নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে গ্রামের একটি কলাবাগানের পাশে তাঁর মরদেহ ফেলে রেখে যান।
হত্যাকাণ্ডের দুই দিন পর নিহতের ছোট ভাই আহম্মেদ আলী ওরফে আকম আলী বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক কাজী কামাল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফিজুল ইসলাম মনির বলেন, দীর্ঘদিন পর হলেও আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায়ে নিহতের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
