নিজের ওপর আল্লাহর গজব ও লানত বর্ষিত হওয়ার কথা বলে কোনো মন্দ কাজ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করলে শরিয়ত অনুযায়ী কসম সংঘটিত হয় না। ফলে ওই কাজ করে ফেললে কসমের কাফফারাও দিতে হয় না। এ বিষয়ে মাসিক আলকাউসারে প্রকাশিত একটি প্রশ্নের উত্তরে এ কথা জানানো হয়েছে।
প্রশ্নে এক ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে একটি বদঅভ্যাস থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এ জন্য বিভিন্ন সময়ে প্রতিজ্ঞাও করেছেন। একবার ওই কাজটি করার পর রাগের মাথায় তিনি বলেন, ভবিষ্যতে আবারও এ কাজ করলে তার ওপর আল্লাহর গজব ও লানত বর্ষিত হোক।
বিষয়টি নিয়ে মসজিদের ইমামের সঙ্গে আলোচনা করলে তিনি জানান, এমন কথা বললে কসম হয়ে যায়। তাই ওই কাজ আবার করলে কাফফারা দিতে হবে। কিন্তু কিছুদিন পর ওই ব্যক্তি আবারও একই কাজ করে ফেলেন। এরপর তার ওপর কাফফারা ওয়াজিব হয়েছে কি না, তা জানতে মুফতির কাছে প্রশ্ন করেন।
এর উত্তরে মাসিক আলকাউসার জানায়, ইমামের বক্তব্য সঠিক নয়। এ ধরনের কথা বলার মাধ্যমে কসম সংঘটিত হয় না। তাই ওই কাজ করে ফেলার কারণে প্রশ্নকারীর ওপর কোনো কাফফারা ওয়াজিব হয়নি।
তবে গুনাহের কাজ থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করা জরুরি। একই সঙ্গে নিজের ওপর লানত করাকে মারাত্মক অন্যায় ও গুনাহের কাজ হিসেবে উল্লেখ করে এমন কথা বলার কারণে আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তিগফার করার এবং ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।