ফেনীর সোনাগাজীতে মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তারের পর দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে ফেনী জেলা ছাত্রদল। শুক্রবার (১৬ অক্টোবর) ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করা হয়।
বহিষ্কার হওয়া দুজন হলেন বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান ও বখতারমুন্সি ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান ও বক্তার মুন্সী ডিগ্রি মাদ্রাসার সভাপতি সাখাওয়াত হোসেন রবিনসহ তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
জাহিদুল ইসলাম রায়হান বগাদানা ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের জসীমউদ্দীনের ছেলে। সাখাওয়াত হোসেন রবিন মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মোশাররফ হোসেনের পুত্র।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন কালবেলাকে বলেন, গঠনতন্ত্র বিরোধী কর্মাকাণ্ডে জড়িত হলেই কেন্দ্রীয় সংগঠন যেকোনো ব্যবস্থা গ্রহণ করবে বলে আগেই সর্তক করা হয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন কালবেলাকে জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোনাগাজীর ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের বিষয়ে যার সঙ্গেই সম্পৃক্ততা থাকবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই চিহ্নিত করে থাকি। কোনো দল বা মতের লোক হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
