দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->দিনাজপুরে টিটু (৩৬) নামের নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে সদরের ঢাকাইয়া পট্টি লাইনপাড় এলাকায় রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, নির্মাণাধীন একটি সেতুর মালামাল চুরি ও মাদক কারবারে বাধা দেওয়ায় টিটুকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রক্তাক্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত টিটুর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত টিটুর মা বলেন, তার ছেলে রেললাইনের পাশে নতুন নির্মাণাধীন একটি সেতুতে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। তার অভিযোগ, গত কয়েক দিন ধরে এলাকার কিছু মাদককারবারি ও চিহ্নিত দুর্বৃত্ত সেতুর বিভিন্ন মালামাল, বিশেষ করে লোহাসহ অন্যান্য সামগ্রী চুরির চেষ্টা করছিল। টিটু এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।
তিনি আরও অভিযোগ করেন, মাদক কারবার ও চুরির কাজে বাধা দেওয়ার জের ধরে দুর্বৃত্তরা তার ছেলেকে একা পেয়ে পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে দাবি করেন নিহতের মা।
নিহতের মায়ের অভিযোগ, ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদককারবার চলছে। সন্ধ্যার পর ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে। মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
ছেলেকে হারিয়ে আহাজারি করতে তিনি বলেন, মাদক কারবার ও চুরির বিরুদ্ধে দাঁড়ানোই তার ছেলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যারা তার ছেলেকে হত্যা করেছে, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সুলতান মাহমুদ/খাদিজা রুমি/
আরও পড়ুন
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারব পৌরসভার মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৪) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২১)। গুরুতর আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বরপা থেকে রূপসী যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হন।
ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
রুবেল শিকদার/তামান্না রুপা/
আরও পড়ুন
চাঁদপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর তাবলিগ জামাতের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ ইজতেমা শুরু হয়। এতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন।
তাবলিগ জামাতের আয়োজনে ২২, ২৩ ও ২৪ অক্টোবর পর্যন্ত এ ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন স্থানে পাঁচবার জেলা পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।
আরও পড়ুন
ইজতেমায় মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে নির্মাণ করা হয়েছে প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো। মুসল্লিদের চিকিৎসাসেবায় রয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজকদের আশা, তিন দিনের এ ধর্মীয় আয়োজনে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মুসল্লি অংশ নেবেন। ইজতেমায় কোরআন-হাদিসের আলোকে দ্বীনি আলোচনা, ঈমান ও আমলের ওপর বয়ান, জিকির-আযকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, বৃহস্পতিবার শুরু হওয়া জেলা ইজতেমা আগামী শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।
তিনি জানান, ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা, আত্মশুদ্ধি এবং দ্বীনের পথে মানুষকে আহ্বান জানানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।
ফয়েজ আহমেদ/অলি/
আরও পড়ুন
চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে ঝিল, এমপির নেতৃত্বে উচ্ছেদ অভিযান
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে প্রায় ৪০০ একর কৃষিজমি দখল করে মাছ চাষের নামে মাটি কেটে বিক্রির অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি এক্সকেভেটর জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের মুখদ্দি ও তালতাতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রভাবশালী একটি চক্র ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে পৈতৃক সম্পত্তিসহ কৃষিজমি দখল করেছে। এসব জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়েছে। বাধা দিতে গেলে জমির মালিকদের হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।’
জমির মালিক মো. নুরুল ইসলাম রাঢ়ী বলেন, ‘এই জমিতে তাদের পূর্বপুরুষেরা বিভিন্ন ধরনের ফসল চাষ করতেন। কিন্তু ক্ষমতার প্রভাব দেখিয়ে একটি চক্র জমি দখল করে মাটি কেটে বিক্রি করেছে।’
আরেক জমির মালিক ইদ্রিস আলী জানান, মুখদ্দি এলাকায় তার পৈতৃক ২২ একর জমি রয়েছে। সেখানে মাটি কাটায় বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা বলেন, ‘প্রায় ৪০০ একর জমিতে একটি চক্র পুকুর খনন করে আসছিল। এর আগে প্রায় ৪০ বার অভিযান চালিয়ে এক্সকেভেটর বিনষ্ট করা হলেও তারা কার্যক্রম বন্ধ করেনি। দুর্গম এলাকা ও নদীর উত্তাল পরিস্থিতির কারণে অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে। এ ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা হয়েছে। মামলাগুলোতে প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।’
সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ‘নদীর ওপার থেকে এসে একটি চক্র আবাদি ও সরকারি খাসজমিতে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। প্রশাসনের অভিযান শেষে তারা আবারও একই কাজে ফিরে আসে। এভাবে চলতে থাকলে কৃষিজমি কমে যাবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, সরকারি বিধিবিধান অনুসরণ করে এলাকার ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনাও রয়েছে।
অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম, জেলা ও উপজেলা বিএনপির নেতারা, যুবদলের নেতাসহ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফয়েজ/খাদিজা রুমি/
আরও পড়ুন
শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->শেরপুরের শ্রীবরদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে একটি প্লাস্টিকের ড্রাম খালের পানিতে ভাসতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুললে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। এ ছাড়া মরদেহের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা যায়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি।
আরও পড়ুন
ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরদেহটি এখানে ফেলে যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ও পিবিআই টিম ঘটনাস্থলে রয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শাকিল মুরাদ/তামান্না রুপা/
