ফুটবল মানেই বাংলাদেশের মানুষের আবেগ, উদ্দীপনা আর তারুণ্যের অনন্য উন্মাদনা। দেশের ফুটবলপ্রেমীদের এই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘মোজো’।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার ঐতিহ্যবাহী ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার ৬টি দেশ অংশ নেবে। দলগুলো হলো—স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ। দুটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো মোট ৯টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।
দীর্ঘ ৮ বছর পর (২০১৮ সালের পর) পুনরায় দেশের মাটিতে সাফের আসর বসায় দেশের ক্রীড়ামোদী সাধারণ মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। আন্তর্জাতিক এই মেগা ইভেন্টের সহযোগী হতে পেরে উচ্ছ্বসিত দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড মোজো।
এ প্রসঙ্গে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলম বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপের মতো গৌরবময় আন্তর্জাতিক আসরের অফিশিয়াল বেভারেজ পার্টনার হতে পেরে মোজো অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মোজো সর্বদা তারুণ্যের গতিশীলতা ও ফুটবলের আবেগে বিশ্বাস করে, যা পুরো জাতিকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে। বাংলাদেশের প্রতিটি অর্জন ও আনন্দের মুহূর্তে মোজো সব সময় দেশের মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আয়োজকরা জানান, পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারির দর্শকদের উচ্ছ্বাস ও উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করতে মোজো নানা আয়োজন হাতে নিয়েছে।
