মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় ফাহিম হোসেন নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার ইসাক হোসেনের ছেলে। সে স্থানীয় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সড়ক পার হচ্ছিল ফাহিম। এ সময় চুয়াডাঙ্গাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগতির দূরপাল্লার বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়কে গাছ ফেলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মৃত্যুর পর স্থানীয়রা সড়কে গাছ ফেলে অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএস/
