শিক্ষাক্ষেত্রে অবদান, একাডেমিক উন্নয়ন ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম। শনিবার (২৪ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার আয়োজনে কুয়ালালামপুরের হোটেল কুয়ালালামপুর ইন্টারন্যাশনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক মোরশেদুল আলমের নিষ্ঠা, একাডেমিক উন্নয়নে অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অর্জন, নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট নেতা, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশ নেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম বলেন, এ আন্তর্জাতিক সম্মাননা তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্যও সম্মানজনক।
তিনি বলেন, এ স্বীকৃতি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার মানোন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তিনি সব সময় অবদান রাখতে চান। এ অর্জন তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।
