মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে নতুন চমক সান্দ্রা হ্যুলার
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে অতিথি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অস্কার মনোনীত জার্মান অভিনেত্রী সান্দ্রা হ্যুলার। তবে সিনেমায় তার চরিত্র কী, তা এখনো প্রকাশ করেনি মার্ভেল স্টুডিওস।
টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
‘অ্যানাটমি অব আ ফল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া হ্যুলারের মার্ভেল অভিষেক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তাকে ডক্টর ডুমের মা কিংবা লাটভেরিয়ান উইচেসদের একজনের ভূমিকায় দেখা যেতে পারে বলে জল্পনা চলছে। তবে এসব অনুমানের পক্ষে নির্মাতাদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।
অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। সিনেমাটিতে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যাবে ডক্টর ডুমের চরিত্রে। মার্ভেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন মহাবিশ্বের সুপারহিরোরা এক ভয়াবহ হুমকির মুখে পড়বেন।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, পেদ্রো পাসকাল, পল রাড, অ্যান্থনি ম্যাকি, ফ্লোরেন্স পিউ, ভেনেসা কার্বি, চ্যানিং ট্যাটাম, সিমু লিউ, ইয়ান ম্যাককেলেন, টম হিডলস্টন, জেমস মার্সডেন, প্যাট্রিক স্টুয়ার্ট ও জোসেফ কুইন। এ ছাড়া সেবাস্টিয়ান স্ট্যান, ডেভিড হারবার, লেটিশিয়া রাইট, অ্যালান কামিং, রেবেকা রোমেইনসহ আরও অনেক পরিচিত অভিনেতা রয়েছেন।
২০২৪ সালে ‘অ্যানাটমি অব আ ফল’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন পান হ্যুলার। একই বছর সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছবিতেও অভিনয় করেন তিনি। ছবিটি সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ দুটি অস্কার জেতে। অন্যদিকে, ‘অ্যানাটমি অব আ ফল’ সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার পায়।
হ্যুলারের চরিত্র ও ডক্টর ডুমের সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে রহস্য এখনো কাটেনি। মার্ভেল আনুষ্ঠানিকভাবে চরিত্রের পরিচয় প্রকাশ না করা পর্যন্ত এ নিয়ে জল্পনা চলবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
