জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
এদিন সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘দ্য সার্ভিস ইজ আন্ডার মেইনটেন্যান্স’ বার্তা দেখা যায়। এতে জানানো হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিগগিরই ওয়েবসাইটের সেবা আবার চালু করা হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে একের পর এক ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। ইন্টারনেটের বড় একটি অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে বিভিন্ন ব্যবস্থায় প্রবেশ করে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ত্রুটিগুলো শনাক্ত হওয়ার পর সেগুলো সংশোধনে বিশ্বজুড়ে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমএ
