শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে গাইবান্ধা জেলার ৬৩২টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গাইবান্ধা জেলা শহরের কালীবাড়ি মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিরাপত্তা পরিকল্পনার কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সাতটি উপজেলার ৬৩২টি পূজামণ্ডপে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১৩-এর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এসআরবির নিজস্ব নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়ানো রোধে এসআরবি-১৩-এর সাইবার মনিটরিং দল ২৪ ঘণ্টা অনলাইনে সক্রিয় রয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক শহরের কালীবাড়ি মন্দিরে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও জেলা পূজা উদযাপন কমিটির নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি মন্দিরের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।
এমএ
