পিরোজপুরের নাজিরপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর রিনা বেপারী (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রিনা বেপারী পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী। এর আগে একই ট্রলারডুবির ঘটনায় তার আট বছর বয়সী মেয়ে অদ্রিতা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শংকর বেপারী পরিবারের সদস্যদের নিয়ে শ্রীরামকাঠী এলাকার বিভিন্ন মন্দিরে দুর্গাপূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার জন্য শ্রীরামকাঠী ফেরিঘাট থেকে যাত্রীবাহী ট্রলারে ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে ট্রলারটি ডুবে গেলে রিনা বেপারী ও তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে অদ্রিতা পানিতে তলিয়ে যায়।
ঘটনার দিন রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফেরিঘাট এলাকা থেকে অদ্রিতার মরদেহ উদ্ধার করে। তবে রিনা বেপারী নিখোঁজ থাকায় তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখা হয়। মঙ্গলবারও নদীতে উদ্ধার অভিযান চালানো হয়।
অবশেষে বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কালীগঙ্গা নদীতে উদ্ধার অভিযান চালান। নাজিরপুরের শ্রীরামকাঠী ফেরিঘাট থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে শ্রীরামকাঠী ইউনিয়নের পূর্ব কালিকাঠি খালের প্রবেশমুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি দল, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নাজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার দিন শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও তার মা নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় বুধবার সকালে নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রলার চলাচলের জন্য পৃথক ঘাট নির্মাণের ঘোষণা দিয়েছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।
তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ট্রলার চলাচলের জন্য পৃথক ঘাট নির্মাণ করা হবে। এ দুর্ঘটনায় কারও অবহেলা থাকলে তদন্তের মাধ্যমে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
