জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবং তাঁর পুরো দলকে ঘিরে বিদেশের মাটিতে ঘটে গেল এক অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অপমানজনক ঘটনা। আমেরিকার মাটিতে এক বিমান সংস্থার কর্মীদের অভব্য আচরণের জেরে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছেন তাঁরা। বর্তমানে মার্কিন মুলুকে দুর্গোৎসবের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই এমন অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় গায়িকাকে।
ঠিক কী ঘটেছিল?
সোশ্যাল মিডিয়ায় ইমন লাইভে এসে জানান, নিউ জার্সির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট সময়েই ডালাস বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন তিনি ও তাঁর কলাকুশলীরা। কিন্তু আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ওঠার ঠিক আগে তাঁদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান বিমান সংস্থার কর্মীরা।
গায়িকার অভিযোগ, কোনও রকম সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাঁদের বোর্ডিংয়ে বাধা দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। অভিযোগ ওঠে, এয়ারলাইন্সের কর্মীরা কেবল দুর্ব্যবহারই করেননি, রীতিমতো ধাক্কা মেরে শিল্পীদের গেট থেকে সরিয়ে দেন।
শিল্পীদের প্রধান সম্বল তাঁদের প্রফেশনাল বাদ্যযন্ত্রগুলি। বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ইনস্ট্রুমেন্টগুলি যদি ট্রানজিট বা যাত্রাপথে ভেঙেও যায়, তবে তার বিন্দুমাত্র দায়ভার বা ক্ষতিপূরণ বিমান সংস্থা নেবে না। এই মানসিক হেনস্থা ও গণ্ডগোলের জেরে তাঁরা ফ্লাইট মিস করেন। পরে এয়ারলাইন্সের পক্ষ থেকে পরবর্তী ফ্লাইটের কথা বলা হলেও, সেই বিমানেও তাঁদের জায়গা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা ও টালবাহানা চলতে থাকে।
https://www.youtube.com/watch?v=FAZCMeBQx8Q
সোশ্যাল মিডিয়ায় লাইভ করে নিজের অসহায়তার কথা তুলে ধরেছেন ইমন। চরম এই বিপদের মুহূর্তে তাঁদের পাশে থাকার ও সমর্থনের আবেদন জানিয়েছেন তিনি। ইমনের লাইভে এমন ঘটনা শুনে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়।
