ছবি: খবরের কাগজ
-->মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেন হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্যসচিব আব্দুর রহিমসহ, কৃষক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল থেকে সাকের হোসেন হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আরও পড়ুন
এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী শারমীন নাহার রুমা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে মামলাটি করা হয়। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ জানান, মামলার সূত্র ধরে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুত তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে, বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে মাগুরা বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে শাকের হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই কাউন্টারের মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নেওয়ার পর গোসল করানোর সময় তার মাথার পেছনে ছিদ্র দেখতে পান। পরে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তের সময় তার মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে পুলিশ।
কাসেমুর শ্রাবণ/খাদিজা রুমি/
