নীলফামারীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারীতে হেযবুত তওহীদের উদ্যোগে জেলা নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সহস্রাধিক নারীর উপস্থিতিতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হেযবুত তওহীদের নারী বিভাগের রংপুর অঞ্চলের নারী নেত্রী উম্মে হানি ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন: আঞ্চলিক নারী নেত্রী বেবী আক্তার, বিভাগীয় নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবিহা আফরোজ কেয়া, নীলফামারী জেলা নারী সম্পাদক পারুল আক্তার এবং রংপুর জেলার সাবেক নারী সম্পাদক আফসানা রহমানসহ স্থানীয় অন্যান্য নারী নেত্রীরা।
নীলফামারী জেলা ছাত্র ফোরামের সদস্য দিলরুবা আক্তারের কোরআন তিলাওয়াত এবং ছাত্র ফোরামের সদস্য উর্মি আক্তারের সঞ্চালনায় দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে বক্তারা নারীদের প্রচলিত জড়তা ও সংকীর্ণতা কাটিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, নারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা। এই লক্ষ্য অর্জনে নারীদের সচেতন, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে নারীদের দৃপ্ত প্রত্যয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হেযবুত তওহীদের নারী বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। এ সময় অংশগ্রহণকারীরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের সামর্থ্য, শ্রম ও মেধা দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।
