রংপুরের মিঠাপুকুরে ‘শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া ৪৩৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলার সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় মিঠাপুকুর কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী। মুখ্য আলোচক হিসেবে শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রংপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রব্বানী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩৭ জন কৃতী শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. গোলাম রব্বানী বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও মননশীলতার যথাযথ বিকাশে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, “সুনাগরিক গড়ার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পথে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করাই এই অনুষ্ঠানের লক্ষ্য।”
