মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর আওতায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চার জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
অভিযান সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন ও সংরক্ষণ বাড়ানোর লক্ষ্যে যমুনা ও পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শেখ মনিরুল ইসলাম মনির, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।
এ সময় জেলা মৎস্য দপ্তর, মানিকগঞ্জ; শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়; সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, শিবালয়; কোস্টগার্ড বাংলাদেশ এবং শিবালয় নৌ-পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রজনন মৌসুমে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে নদীতে নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করা হচ্ছে।
The post শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জেলের কারাদণ্ড appeared first on ভোরের চেতনা.
