The Sangbad · সাধারণ
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন
২৪/১০/২০২৬

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় সংকট ও সরকারি সেবার মান নিয়ে প্রধান ছাত্র সংগঠনের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির সরকার। সম্ভাব্য সহিংসতা ও লুটপাট রোধে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে গত সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভের সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। নতুন করে সহিংসতার আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর অবস্থান নিয়েছে।ফ্রান্সের প্রধান ছাত্র সংগঠন ‘ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস অব ফ্রান্স’ (ইউএনইএফ) জীবনব্যবস্থার নানা সংকট নিয়ে শনিবার (২৪ অক্টোবর) এই বিক্ষোভের ডাক দিয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহের শেষের দিকে বিরোধী দলগুলোর বড় ধরনের সমাবেশের পরিকল্পনা রয়েছে।শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা ও ভাঙচুরের উসকানিমূলক আহ্বান ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শনিবার দেশজুড়ে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে।’নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি শহরে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিওঁতে সমাবেশ নিষিদ্ধ করা হলেও প্যারিসে মিছিলের জন্য নির্দিষ্ট সড়ক নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া মার্সেইতে প্রথমে নিষেধাজ্ঞা থাকলেও পরে একটি শ্রমিক সংগঠনকে সীমিত পরিসরে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়।বিক্ষোভের এই উত্তাপ ছড়িয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। শনিবার প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসেল শিল্পমেলার কার্যক্রমও নির্ধারিত সময়ের আগেই গুটিয়ে নেওয়া হচ্ছে।এদিকে গত ১৭ অক্টোবরের বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ২১৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিচার বিভাগ। এর মধ্যে প্রায় অর্ধেকের বিরুদ্ধেই পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না।চলমান এই অভ্যন্তরীণ সংকটের কারণে অক্টোবরের শেষ দিকে নির্ধারিত নাইজেরিয়া ও সেনেগাল সফর স্থগিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে শুক্রবার তিনি শীর্ষ মন্ত্রীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা পরিষদ বৈঠক করেছেন। পাশাপাশি অসন্তোষ নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।/
মূল প্রতিবেদনে যান ↗