সংবাদ · সাধারণ
জন্মদিনে নেতানিয়াহুর গাড়িবহরে বোতল নিক্ষেপ
২৩/১০/২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদ্যাপনের সময় একদিকে যেমন জনসমুদ্রের শুভেচ্ছা ও উল্লাস দেখা গেছে, ঠিক অন্যদিকে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ ও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে।জন্মদিনের রাতে জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজার এলাকা অতিক্রম করার সময় তার গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে তার গাড়িবহর জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজার এলাকা পার হচ্ছিল। তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে সেখানে হাজারো ইসরায়েলি নাগরিক জড়ো হয়েছিলেন এবং গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ওই এলাকায় সাময়িকভাবে লাইট রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা দ্রুত জনতার ব্যারিকেড টপকে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করেন।তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও গাড়িবহরের গতি ও চলাচল স্বাভাবিক রাখা হয়। বাজার এলাকায় পৌঁছালে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে জন্মদিনের গান গেয়ে স্বাগত জানান উপস্থিত সাধারণ মানুষ।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন সমর্থক নেতানিয়াহুর দল লিকুদের পতাকা এবং ইরানের সিংহ ও সূর্যখচিত পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এসময় নেতানিয়াহুকে হাতে ফুলের তোড়া নিয়ে জনতার উদ্দেশে নাড়তে এবং পরবর্তীতে সেটি তাদের দিকে ছুড়ে দিতে দেখা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার তেল আবিবের হাতিকভা বাজার পরিদর্শনে গিয়েও তীব্র বিরূপ পরিস্থিতির মুখে পড়েন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখানে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে হামাসকে লাখ লাখ টাকা দেওয়ার কারণ জানতে চেয়ে সরাসরি প্রশ্ন করেন।ঘটনার ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি ভিডিও ধারণের চেষ্টা করলে সেখানে উপস্থিত লিকুদ দলের সমর্থকেরা তার হাত থেকে ফোন ফেলে দেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গাতের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে হাতিকভা বাজারে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাদের ওপর সবজি ছোড়া, বিশ্বাসঘাতক বলে কটূক্তি করা এবং গায়ে থুতু দেওয়ার অভিযোগ করেন জাঙ্গাউকার। পরবর্তীতে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।অন্যদিকে, ছেলের মৃত্যুর জন্য সরাসরি নেতানিয়াহুকে দায়ী করে প্রতিবাদ জানাতে গিয়ে তিনি এমন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন মিশেল ইলুজ। এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ। একই সঙ্গে তিনি নিহত গাই ইলুজকে পরিত্যাগ করার জন্য ইসরায়েলি শীর্ষ নেতৃত্বের কঠোর সমালোচনা করেন।
মূল প্রতিবেদনে যান ↗