ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভবানীপুরের মল্লিক বাড়ির শতবর্ষী দুর্গাপূজায় ঢাকের তালে নাতি কবিরকে নিয়ে নেচেছেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। বিজয়া দশমীতে তাঁদের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৮০ বছর বয়সী অভিনেতার সঙ্গে নাতির এই আনন্দঘন মুহূর্ত নজর কেড়েছে অনেকের।
মল্লিক বাড়ির দুর্গাপূজা দীর্ঘদিনের ঐতিহ্য বহন করছে। প্রতি বছর এ পূজায় রঞ্জিত মল্লিকের সঙ্গে থাকেন তাঁর স্ত্রী দীপা মল্লিক, মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক এবং কোয়েলের স্বামী ও সন্তানরা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকের বাদ্যের সঙ্গে কখন নাচতে হবে, তা নাতি কবিরকে বুঝিয়ে দিচ্ছেন দাদু রঞ্জিত মল্লিক। এরপর নিজেই নাচতে শুরু করেন তিনি। কিছুক্ষণ পর নাচে যোগ দেয় কবিরও। তাঁদের সঙ্গে উপস্থিত বিভিন্ন বয়সের মানুষও ঢাকের তালে আনন্দে মেতে ওঠেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর প্রতিবেদন অনুযায়ী, বাবার স্বাস্থ্যের কথা বিবেচনা করে কোয়েল মল্লিক তাঁকে বেশিক্ষণ নাচতে দেননি। একপর্যায়ে বাবার হাত ধরে তাঁকে এক পাশে নিয়ে যান তিনি।
মল্লিক বাড়ির পূজায় মুখ্যমন্ত্রী
এবার মল্লিক বাড়ির দুর্গাপূজায় অতিথি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবমীর সন্ধ্যায় রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে তিনি অভিনেতার বাড়ির পূজায় যোগ দেন। মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মহানায়কের শতবর্ষ উদ্যাপনের সময় রঞ্জিত মল্লিক তাঁকে বাড়ির দুর্গাপূজায় আমন্ত্রণ জানিয়েছিলেন।
মল্লিক বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি মাননীয় রঞ্জিত মল্লিকের নিমন্ত্রণে এসেছি। কোয়েলের নিমন্ত্রণে নয়, এর সঙ্গে কোয়েল মল্লিকের কোনও সম্পর্ক নেই।”
পূজা দেখা ও বাড়ির আতিথেয়তা গ্রহণের পর মুগ্ধতার কথাও জানান মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে বেরিয়ে তিনি বলেন, “নারকেল নাড়ু খেলাম। এ বাড়ির ঐতিহ্যের এতটুকুর বদল ঘটেনি। এই ঐতিহ্য বাংলার থাকুক। রঞ্জিত মল্লিক চাইলেই প্রমোটিং করতে পারতেন। এখয়নও কিছু ব্যক্তি রয়েছেন যারা ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে আপোস করেন না, তার মধ্যে রঞ্জিত মল্লিক একজন।”
নায়ক থেকে চরিত্রাভিনেতা
ভারতীয় বাংলা চলচ্চিত্রে রঞ্জিত মল্লিক একটি পরিচিত ও স্বতন্ত্র নাম। নায়ক হিসেবে অভিনয়জীবন শুরু করলেও পরবর্তী সময়ে চরিত্রাভিনেতা হিসেবেও তিনি দর্শকের কাছে সমাদৃত হন।
এদিকে কোয়েল মল্লিকের রাজনৈতিক জীবন নিয়েও সম্প্রতি আলোচনা তৈরি হয়েছে। বছরের শুরুতে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর তিনি দল ছাড়েন। ছয় মাসের ব্যবধানে ক্ষমতাসীন দলে যোগ দেন রঞ্জিত মল্লিককন্যা।
পশ্চিমবঙ্গের শূন্য আসনে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কোয়েল মল্লিককে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। দলটির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সানা/আপ্র/২৪/১০/২০২৬
