স্বর্ণ ও হীরা বিক্রির আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের পণ্য চোরাকারবার ও অর্থপাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। মানিলন্ডারিংয়ের সত্যতা যাচাই, চোরাকারবারের উৎস অনুসন্ধান এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিকে জিজ্ঞাসাবাদের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল, আবদুল্লাহ আল মনসুর রিপন, সানাউল ইসলাম টিপু, জাহাঙ্গীর আলম ও মনিরুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন জানান।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল আদালতকে বলেন, রিমান্ডের আবেদন মামলার সঙ্গে সাংঘর্ষিক। দিলীপ কুমার আগরওয়ালা একজন সিআইবি এবং সর্বোচ্চ করদাতা। তিনি অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে তার রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান তিনি।
আরেক আইনজীবী বলেন, দিলীপ আগরওয়ালার অধীনে ৫০ হাজার কর্মচারী কাজ করেন। তার বয়স বিবেচনায় রিমান্ড আবেদন বাতিল করা উচিত।
তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণপত্রের (এলসি) মাধ্যমে ৩৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকার পণ্য বৈধভাবে আমদানি করেন দিলীপ কুমার আগরওয়ালা। তবে অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে স্থানীয় বাজার থেকে অবৈধ চোরাকারবারের মাধ্যমে আরও ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের স্বর্ণ ও হীরা কেনেন তিনি। এসব পণ্যের ক্রয়সূত্র বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা গেজেট/উউরা
