আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে বাধা দিতে গিয়ে পুলিশের এসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। পরে তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভোড়া হাজীবাগ এলাকার মোঃ তুষারের ছেলে শুভ আহমেদ (২০), পূর্ব চান্দনা এলাকার মোঃ আক্কাছ আলীর ছেলে মোঃ ইয়াছিন (২৬) এবং একই এলাকার হুরমুজ আলীর ছেলে ছানোয়ার হোসেন হৃদয় (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় মাদকসংক্রান্ত অভিযোগে অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের পুলিশ ফাঁড়িতে নিয়ে একটি কক্ষে রাখা হয়। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে একদল দুর্বৃত্ত ফাঁড়িতে হামলা চালায়। তারা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ফাঁড়িতে ভাঙচুরের পাশাপাশি পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়।
আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে বাধা দিতে গিয়ে পুলিশের এসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। পরে তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর রেলওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। পরে গাজীপুর সদর থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। সদর থানা-পুলিশ, ডিবি ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে মাদক মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি আনিসুর (১৯) ও শিমলাকে (২২)ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
