মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর নতুন শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গ্রাহকদের সুবিধার্থে পুরোপুরি ইসলামি শরিয়াহসম্মত উপায়ে লেনদেন পরিচালনা ও তদারকির উদ্দেশ্যে গত ১ অক্টোবর পুনর্গঠিত এই বোর্ডের প্রথম বৈঠক (সর্বমোট ৯ম) ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।
বৈঠকে নগদ ইসলামিকের সেবা ও কার্যক্রম পুরোপুরি ইসলামি শরিয়াহসম্মত উপায়ে পরিচালনা করার ওপর জোর দেওয়া হয়। নতুন এই বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে বোর্ডের অন্য দুই ফকিহ সদস্য হলেন মুফতি লুকমান হাসান ও ড. আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার। তাঁরা নগদ ইসলামিকের সার্বিক পরিচালন নীতি পর্যালোচনা করেন।
প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “নগদ ইসলামিক গ্রাহকদের জন্য পুরোপুরি শরিয়াহভিত্তিক ও সুদমুক্ত লেনদেন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সেবার প্রতিটি কার্যক্রম যেন শতভাগ ইসলামি শরিয়াহর নীতিমালা মেনে পরিচালিত হয়, সে লক্ষ্যে শরিয়াহ সুপারভাইজরি বোর্ড নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা বজায় রাখবে।”
বৈঠকে নগদ ইসলামিকের বিদ্যমান বিভিন্ন ডিপোজিট ও লেনদেন মডেল শরিয়াহর আলোকেই বাস্তবায়িত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে নতুন নতুন ইসলামি আর্থিক সেবা চালুর বিষয়ে আলোচনা করা হয়।
নগদ ইসলামিক এমএফএস অ্যাকাউন্টসমূহ সম্পূর্ণরূপে শরীয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা সুদমুক্ত ও শরীয়াহসম্মত উপায়ে এবং নিজেদের ধর্মীয় মূল্যবোধ ও নীতি বজায় রেখে সহজেই নিজেদের কষ্টার্জিত অর্থ ডিজিটালি লেনদেন করতে পারছেন।
যেসব গ্রাহক ইসলামিক সেবা গ্রহণে ইচ্ছুক, তারা সহজেই তাদের সাধারণ নগদ অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন। এ জন্য তাদের নগদ অ্যাপের ‘আমার নগদ’ অপশনে গিয়ে ‘অ্যাকাউন্টের ধরন’-এ ক্লিক করতে হবে; তাহলেই চলমান অ্যাপটি ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে।
নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে তাঁদের যাকাত ও সব দান-সদকা প্রদান করতে পারছেন। এ ছাড়া খুব সহজেই পবিত্র হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বীমার পেমেন্টও করতে পারছেন। পাশাপাশি দৈনন্দিন জরুরি মাসআলা, হাদিস, নামাজের সময়সূচি এবং যাকাত ক্যালকুলেটরের মতো সুবিধাগুলোও রয়েছে।
