নেটফ্লিক্সের সঙ্গে হইচই-এর সংযুক্তি। বিনোদন এবার আরও বড় পরিসরে, আরও জমজমাট। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর সঙ্গে হাত মেলাল বাংলার অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিভিন্ন কনটেন্ট এবার দেখা যাবে ‘নেটফ্লিক্স’-এ ও। আগামী দু’বছরে হইচইয়ে মুক্তি পেতে চলা সিরিজগুলোই হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় সম্প্রচারিত হবে। ফলস্বরূপ বাংলা কনটেন্ট এবার আরও বড় পরিসরে প্যান ইন্ডিয়া দর্শকের কাছে পৌঁছে যাবে।
বাংলা বিনোদনের জন্য এই পদক্ষেপ নিঃসন্দেহে এক মাইলফলক। হইচইয়ের বাছাই করা ১৪টি সিরিজও থাকছে নেটফ্লিক্সে। তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন স্যরজি’, ‘মহানগর’, ‘দ্য কার্স অব পর্ণশবরী’, ‘পরিণীতা: আ লাভ স্টোরি’-সহ বিভিন্ন স্বাদের কাহিনি। কনটেন্টের পরতে পরতে রয়েছে রহস্য, অপরাধ ও ভৌতিক গল্পের সঙ্গে থাকছে সামাজিক টানাপোড়েন, আদালতের লড়াই এবং প্রেম। থাকছে বাংলাদেশের ‘মহানগর’ -ও।
শুধু পুরনো সিরিজই নয়, হইচইয়ের আসন্ন সিরিজও নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখা যাবে। ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’র মাধ্যমে হবে শুভ উদ্বোধন। জিতু কমল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম অভিনীত এই ভৌতিক সিরিজ মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। শুধু সিরিজের ভাষান্তরেই সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ, গ্লোবালি আরও অনেক নতুন চমক থাকবে। হইচইয়ের নির্বাচিত কিছু গল্পকে নতুন আঙ্গিকে তুলে ধরতে মৌলিক সিরিজও তৈরি করবে দুই সংস্থা। প্রযোজনায় থাকবে হইচই স্টুডিয়োজ।
View this post on Instagram
এই উদ্যোগে সিরিজপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত সে কথা বলার অবকাশই রাখে না। দুই প্ল্যাটফর্মের তরফে যৌথভাবে জানানো হয়েছে, আগামীতে আরও অনেক তথ্য এবং চমকের উন্মোচন বাকি। এই মেলবন্ধনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল মৌলিক সিরিজ তৈরির পরিকল্পনা। দুই সংস্থা যৌথভাবে কিছু নির্বাচিত গল্পকে নতুন আঙ্গিকে দর্শকের দরবারে মেলে ধরবে। চেনা চিত্রতে সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গির ছোঁয়া থাকবে আসন্ন সিরিজগুলিতে।
