সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নিহত দুজন হলেন বগুড়ার মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রণালয় জানায়, শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ওই সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। অন্যদিকে মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে।
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
