প্রণালী
প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে নিন। ইচ্ছা করলে লেজ রেখে দিতে পারেন। চিংড়ির পিঠের কালো শিরা বের করে ভালো করে ধুয়ে নিন। না হলে শরীর খারাপ হতে পারে। এর পর পেপার টাওয়েল দিয়ে চিংড়ি মাছগুলি শুকিয়ে নিন। এতে মশলা ভালো ভাবে ধরবে।
এবার একটি বড় পাত্রে লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, জোয়ান, নুন, ধনেপাতা কুচি, আদা বাটা ও রসুন বাটা নিন। এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন। চাইলে ঝালের পরিমাণ নিজের পছন্দ মতো কমাতে বা বাড়াতে পারেন।
এ বার পরিষ্কার চিংড়িগুলি মশলার মিশ্রণে দিয়ে ভালো করে মাখিয়ে নিন। প্রতিটি চিংড়ির গায়ে যেন মশলা সমান ভাবে লাগে, সে দিকে নজর রাখুন। এর পর আলাদা পাত্রে রাখা চালের গুঁড়োয় চিংড়ি মাছগুলি ভালো করে কোট করে নিন। এই চালের গুঁড়োই ভাজার পর চিংড়ির বাইরের স্তরকে মুচমুচে করতে সাহায্য করবে।
কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। প্রথমে তেল ভালো ভাবে গরম হলে আঁচ মাঝারি করে দিন। এ বার অল্প অল্প করে চিংড়িগুলি তেলে ছেড়ে দিন। প্রতিটি চিংড়ি প্রায় ৩-৪ মিনিট ভাজুন, যাতে বাইরে সোনালি রং আসে এবং ভিতরটাও ভালো ভাবে সেদ্ধ হয়ে যায়। চিংড়ি বেশি সময় ভাজবেন না, তা হলে শক্ত হয়ে যেতে পারে।
সোনালি ও মুচমুচে হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন। রেডি গরমাগরম কোলিওয়াড়া প্রনস। সঙ্গে দিতে পারেন পেঁয়াজের রিং, লেবুর টুকরো এবং পছন্দের চাটনি। সপ্তমীর দুপুরে কিংবা সন্ধ্যার আড্ডায় এই অভিনব চিংড়ির পদ সহজেই হয়ে উঠতে পারে আপনার পুজোর মেনুর অন্যতম আকর্ষণ।
