আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বিতর্কিত মন্তব্যের জেরে শুরু তীব্র রাজনৈতিক বিবাদ। পাটনায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত পিতাকে নিয়ে মন্তব্যের করেন তিনি। এরপরই কংগ্রেসের তীব্র সমালোচনা করেন বিজেপি সভাপতি নিতিন নবীন। এতে দলের 'ভাবাদর্শগত দেউলিয়াপনা' প্রকাশ পায় বলে মন্তব্য করেন তিনি।
রবিবার বিহারের পাটনায় প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। সভা চলাকালীন দর্শক আসন থেকে এক ব্যক্তি বলে ওঠেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও যাবেন না। এর প্রত্যুত্তরে খড়গে বলেন, "মোদি কা বাপ ভি যায়েগা (মোদির বাবাও যাবেন)"। এই মন্তব্য তিনি দু'বার পুনরাবৃত্তি করেন বলে অভিযোগ। এর পরেই সভাস্থলে তুমুল হইহট্টগোল শুরু হয়। সভা ব্যাহত করা সেই ব্যক্তিকে চিহ্নিত করে উপস্থিত জনতা। এরপর তাঁকে মারধর করে সেখান থেকে বের করে দেওয়া হয়।
সন্তোষ কুমার নামের ওই আক্রান্ত ব্যক্তি বাইরে এসে জানান, তিনি খড়গেকে উদ্দেশ্য করে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাননি। তিনি বলতে চেয়েছিলেন "গণঅভ্যুত্থান না হলে মোদীকে সরানো যাবে না"। তিনি আরও জানান যে, তাঁর কথার শেষ অংশটি শোনা যায়নি। ফলে বিষয়টি ঘিরে ভুল বোঝাবুঝি তৈরি হয়।
এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও খাড়গের বিরুদ্ধে তোপ দাগেন। অভিযোগ করেন, কংগ্রেস সভাপতি রাজনৈতিক শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন। বলেন, "রাহুল গান্ধীর নেতৃত্বে নীতি বা উন্নয়নমূলক আলোচনা ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও নিম্নমানের ভাষা প্রয়োগই এখন কংগ্রেসের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।" বিজেপি মুখপাত্র তুহিন এ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও খড়গের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন।
নির্বাচনী কারচুপি এবং ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন খাড়গে। তিনি ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন করানোর দাবিও তোলেন। এদিন কংগ্রেস সভাপতির এই আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শনের কথাও জানিয়েছে বিজেপি।
