বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাসুমা আফরীন তার দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী কর্মকর্তা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উল্লেখ করে চেয়ারম্যান তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী-সমৃদ্ধ অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে বিপিএসসির বিজ্ঞ সদস্যবৃন্দ বিশেষ অতিথি হিসেবে এবং কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান সভাপতির দায়িত্ব পালন করেন। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কর্মনিষ্ঠা, মানবিক নেতৃত্ব, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, প্রতিকূল পরিবেশেও হাসিমুখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি কমিশনের কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অসামান্য ভূমিকা রেখেছেন।
