বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বৃদ্ধিতে লিন্ডে বিডির মুনাফায় ভাটা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি এবং বিতরণ ব্যয় বেড়ে যাওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বিডির মুনাফা কমেছে। চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমেছে। তবে তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে আরও বেশি ১৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি বছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৮ টাকা ৮০ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ২ পয়সা বা ৫ শতাংশ কমেছে।
এদিকে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে এ মুনাফা ছিল ৬ টাকা ৪৮ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ২৫ পয়সা বা প্রায় ১৯ শতাংশ কমেছে।
মুনাফা কমার কারণ হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি এবং বিতরণ ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। এতে মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।
অন্যদিকে, দেনাদারদের কাছ থেকে বেশি অর্থ আদায় হওয়ায় কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বেড়েছে। আলোচ্য সময়ে মুনাফা অর্জনের কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও (এনএভিপিএস) বেড়েছে। তবে লভ্যাংশ বিতরণের কারণে এ বৃদ্ধির প্রভাব কিছুটা কমেছে। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১৮ টাকা ৮ পয়সা।


