ঢাকার কেরানীগঞ্জের ৯৩ নম্বর সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। বিদ্যালয়টিতে আগে কোনো পাঠাগার ছিল না। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে শতাধিক শিক্ষামূলক বই দিয়ে এ পাঠাগার গড়ে তোলা হয়েছে।
২৪ অক্টোবর দুপুরে বিদ্যালয়ে গিয়ে পাঠাগারটির কার্যক্রম শুরু করেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ। এতে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া হোসেন বলে, ‘আমাদের স্কুলে আগে কোনো পাঠাগার ছিল না। এখন আমরা অনেক ধরনের বই পড়তে পারব। আমি চাই আমাদের স্কুলের সব বন্ধুই বই পড়ুক।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলে, ‘বই পড়লে অনেক কিছু শেখা যায়। আগে স্কুলে বই পড়ার জন্য আলাদা জায়গা ছিল না। এখন পাঠাগার হয়েছে, আমরা স্কুলেই বিভিন্ন বই পড়তে পারব। আমি নিয়মিত বই পড়তে ও নতুন নতুন বিষয় জানতে চাই।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন হোসেন বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পাঠাগার ছিল না। কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা আমাদের একটি পাঠাগার উপহার দিয়েছেন। এ জন্য আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। এখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষামূলক বই পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবে।’
বন্ধুসভার সদস্য মোহনা আক্তার বলেন, ‘শিশুদের জন্য উপযুক্ত বই বাছাই করে আমরা সংগ্রহ করেছি। আমরা চেয়েছি বইগুলো যেন তাদের বয়স ও আগ্রহের সঙ্গে মানানসই হয়। বই পড়ে তারা আনন্দ পাবে, নতুন কিছু জানার কৌতূহল তৈরি হবে ও নিজেরাই আরও বই পড়তে আগ্রহী হবে। ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি হলে তাদের চিন্তাভাবনা বিকশিত হবে।’
কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের মুঠোফোন থেকে দূরে রাখতে ও বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই শিশুরা অবসর সময়ে মোবাইলে আসক্ত না হয়ে বইয়ের জগতে ডুবে থাকুক। ছোটবেলা থেকেই যদি তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়মিত পাঠাভ্যাসে পরিণত হবে।’
নাজিউল্লাহ ভূঁইয়া আরও বলেন, ‘আমরা শতাধিক বই দিয়ে পাঠাগারটির যাত্রা শুরু করেছি। এখানেই আমাদের কার্যক্রম শেষ নয়। শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত পাঠচক্রের আয়োজন করা হবে, যাতে তারা বই পড়ে নিজেদের ভাবনা প্রকাশ করতে পারে ও পড়ার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে।’
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রেবেকা সুলতানা, বর্তমান সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল, বন্ধু সুমাইয়া আক্তার ও নাসিমা বেগমসহ বন্ধুসভার অন্য সদস্যরা।
