বরিশালের মেহেন্দিগঞ্জে সংবাদ প্রকাশের পর জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন সরদার ওরফে খোকা সরদারকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে খোকন সরদারের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সংগঠনের কোনো পর্যায়ের কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত কয়েক দিন আগে সাউথ বাংলা টাইমস-এ খোকন সরদার ওরফে খোকা সরদারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকা এবং অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয় সূত্রের দাবি, ৫ আগস্টের পর খোকন সরদার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এ সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাকাটা মোল্লা স্টেশন এলাকার কয়েকজন বাসিন্দা খোকন সরদারকে সংগঠন থেকে বহিষ্কারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। সংবাদ প্রকাশের পর তাঁর বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
The post সংবাদ প্রকাশের পর জিয়া সাইবার ফোর্স থেকে বহিষ্কার খোকন সরদার, মাদক ব্যবসার অভিযোগ appeared first on ভোরের চেতনা.
