গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর মনে করেন, তিক্ত মনে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। আরও ভাল ভাবে পুরো বিষয়টি সামলানো যেত।
নিজের ইউটিউব চ্যানেলে কোহলির অবসর নিয়ে বলতে গিয়ে জাফর বলেন, “আমার মতে, কোহলি মোটেই খুশি ছিল না। ও তিক্ত মনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিল।”
জাফরের মতে, আরও বেশি দিন খেলতে পারতেন কোহলি। তিনি বলেন, “কোহলির মতো ক্রিকেটারকে দেখতেই দর্শকেরা স্টেডিয়ামে যান। ওর জনপ্রিয়তা অতুলনীয়। ও আরও বেশি দিন টেস্ট খেলতে পারত। তবে যত দিন না কোহলি নিজে এই বিষয়ে কিছু বলছে, তত দিন আসল কারণটা আমরা বুঝতে পারব না।”
কোহলি আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। জাফরের মতে, তৈরি ছিলেন না ভারতীয় ব্যাটার। তিনি ইংল্যান্ড সিরিজ়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার জন্য দিল্লির হয়ে রঞ্জিতেও খেলেন। কিন্তু গত বছর এপ্রিল মাসে পরিস্থিতি আলাদা হয়। ম্যানেজমেন্ট কোহলিকে জানিয়ে দেন, তরুণদের কথাই ভাবছেন তাঁরা। তার পরেই তিনি টেস্ট থেকে অবসর নেন।
জাফরের মতে, কোহলি ইংল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই কারণেই তাঁর অবসর ঘোষণা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি বলেন, “আমার প্রশ্ন, যদি ও টেস্ট ছাড়তেই চাইত, তা হলে ইংল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি কেন নিত? কোহলির মতো একজন ক্রিকেটারের অবসরের বিষয় আরও ভাল ভাবে সামলানো যেত। ম্যানেজমেন্ট বড় তাড়াহুড়ো করে ফেলল।”
