ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির মামলার পলাতক আসামি তৌহিদ (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তৌহিদ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রসুলপুর এলাকার বাসিন্দা। তার পিতা মাহবুবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সুজেল জানতে পারেন, মুন্সিগঞ্জ থেকে একটি ডাকাত দল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
অভিযান চলাকালে সাতরাস্তার মাথা এলাকায় তিনজন দুর্বৃত্ত এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা, একটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে সোর্সের সহায়তায় এএসআই সুজেল একাই ধাওয়া করে একজনকে আটক করেন। পরে তার পরিচয় নিশ্চিত হলে তাকে তৌহিদ হিসেবে শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, তৌহিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি ও চুরির পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এবং ঢাকার লালবাগ থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে তৌহিদ স্বীকার করেছেন, তিনি প্রায় ৩০ থেকে ৩৫টি ডাকাতি এবং ২০০টিরও বেশি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত। তিনি কুখ্যাত ডাকাত রাজিব হোসেন রাজুর সহযোগী হিসেবে ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় এসব অপরাধে অংশ নিতেন বলেও জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
