বাংলাদেশের বাজারে দুই সিরিজের মিনি এলইডি টেলিভিশন এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি শাওমি।
শাওমি টিভি এস প্রো মিনি এলইডি-২০২৬ ও শাওমি টিভি এক্স মিনি এলইডি-২০২৬ সিরিজের সাতটি মডেল দেশের শাওমির অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে।
শাওমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই টেলিভিশনগুলোতে উন্নত ডিসপ্লে প্রযুক্তি, উন্নত মানের ছবি ও অডিও এবং বেজেলবিহীন নকশা রয়েছে। তাতে সিনেমা দেখা, খেলাধুলা উপভোগ, গেইম খেলা ও অনলাইন কনটেন্ট দেখার ক্ষেত্রে হবে নতুন অভিজ্ঞতা।
দুই সিরিজের মধ্যে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি রয়েছে ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চির তিনটি মডেলে। এগুলোতে রয়েছে ফোর কে রেজল্যুশন, সর্বোচ্চ ১ হাজার ৭০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট।
গেম বুস্ট মোড চালু করলে টিভিগুলোতে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (ভিআরআর) ও সর্বোচ্চ ২৮৮ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা যাবে। এ সিরিজে ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিং প্রযুক্তিও রয়েছে।
এ ছাড়া উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি ব্যবহারের ফলে ছবির বিভিন্ন অংশের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা যায়। তাতে অন্ধকার দৃশ্যের কালো অংশ আরও গভীর এবং উজ্জ্বল অংশের বিস্তারিত আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলার সুবিধা পাওয়া যায়।
অন্যদিকে শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের মডেলগুলো পাওয়া যাচ্ছে ৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি পর্দার আকারে। এগুলোতে রয়েছে ফোর কে রেজল্যুশন, কিউডি-মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তি ও এইচডিআর১০ প্লাস সমর্থন।
শাওমির দাবি, এ সিরিজের ৪৩ ইঞ্চি মডেলটি বাংলাদেশের বাজারে প্রথম ও একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডি টিভি।
সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া দাম অনুযায়ী, শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজের ৫৫ ইঞ্চি মডেলের দাম ১ লাখ ২৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা এবং ৭৫ ইঞ্চির দাম ২ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা।
অন্যদিকে, শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের ৪৩ ইঞ্চি মডেলের দাম ৬৩ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চির দাম ৯৮ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১ লাখ ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ৭৫ ইঞ্চির দাম ১ লাখ ৭১ হাজার ৯৯৯ টাকা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ও তাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের মাধ্যমে নিখুঁত পিকচার কোয়ালিটি, স্মুথ ভিজ্যুয়াল, প্রিমিয়াম অডিও ও স্মার্ট ফিচারের সমন্বয়ে বাসাবাড়ির বিনোদন আরও আকর্ষণীয় করে তোলাই আমাদের লক্ষ্য।
“প্রতিদিনের বিনোদনে স্বাচ্ছন্দ্যময়ভাবে পছন্দের কনটেন্ট উপভোগ করতে চান এমন পরিবার, চলচ্চিত্রপ্রেমী, খেলাধুলার ভক্ত ও গেমারদের জন্য এই দুটি টিভি সিরিজ নিয়ে আসা হয়েছে।”
