নরসিংদীর রায়পুরায় কনসার্ট উপভোগ করে বাড়ি ফেরার পথে ট্রাকের মুখোমুখি ধাক্কায় নীরব মিয়া (১৯) ও জীবন (২০) নামের মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আশারামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নীরব মিয়া উপজেলার পূর্বপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং নরসিংদী বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপর নিহত জীবন সাহেরচর গ্রামের জাহিদুল মিয়ার ছেলে।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু মিলে নরসিংদীতে একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে গভীর রাতে বন্ধু জীবনের চালিত মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন নীরব। পথিমধ্যে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আশারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এই ভয়াবহ সংঘর্ষে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নীরব মিয়া।
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তারও মৃত্যু হয়।
শুক্রবার রাতেই দুই বন্ধুর নিথর দেহ তাদের নিজ বাড়িতে নিয়ে আসেন শোকস্তব্ধ পরিবারের সদস্যরা। এরপর শনিবার দুপুরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো রায়পুরা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘাতক ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
